ধৈর্য ও স্বপ্ন পূরণের নাম তেন্ডুলকর
মৃণালিনী ঠাকুর

তোমরা সবাই নিশ্চয়ই সচিন তেন্ডুলকরের নাম জানো! ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। তাঁর জীবনী শুধু একজন মহান খেলোয়াড়ের গল্প নয়, বরং কঠোর পরিশ্রম, ধৈর্য ও স্বপ্নপূরণের অনুপ্রেরণামূলক কাহিনি। সচিন তেন্ডুলকর জন্মগ্রহণ করেন ১৯৭৩ সালের ২৪শে এপ্রিল ভারতের মুম্বাই শহরে। ছোটবেলা থেকেই তিনি খুব প্রাণবন্ত স্বভাবের ছিলেন। খেলাধুলার প্রতিও ছিল তাঁর বিশেষ আগ্রহ। বড় ভাই অজিত তেন্ডুলকর প্রথম সচিনের ক্রিকেট প্রতিভা লক্ষ্য করেন এবং তাঁকে বিখ্যাত কোচ রমাকান্ত আচারেকরের কাছে নিয়ে যান। আচারেকর স্যারের প্রশিক্ষণে সচিনের ক্রিকেট জীবনের ভিত্তি মজবুত হয়ে ওঠে।
স্কুল জীবনেই তিনি মুম্বাইয়ের বিভিন্ন আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স করেন। বিশেষ করে ১৯৮৮ সালে তাঁর বন্ধু বিনোদ কাম্বলির সঙ্গে ৬৬৪ রানের ঐতিহাসিক পার্টনারশিপ ক্রিকেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনার পর থেকেই সচিনের প্রতিভা সবার নজরে আসে। মাত্র ১৬ বছর বয়সে তিনি ভারতের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। ম্যাচ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই সময় তিনি ছিলেন দলের সবচেয়ে কমবয়সী খেলোয়াড়। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে ব্যাট করে তিনি দ্রুতই বিশ্ব ক্রিকেটে নিজের স্থান তৈরি করেন।

দীর্ঘ ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে সচিন অসংখ্য রেকর্ড গড়েছেন। তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটর, যিনি এক ইনিংসে ২০০ রান করেন। সচিন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরি করার অনন্য কৃতিত্ব অর্জন করেন, যা আজও এক অসাধারণ রেকর্ড। সচিন একমাত্র ক্রিকেটর, যিনি ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২০১১ সালে ভারত যখন বিশ্বকাপ জয় করে, তখন সেই দলে সচিনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৩ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তাঁর অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাঁকে ভারতরত্ন প্রদান করে। সচিন তেন্ডুলকরের জীবনের এই সাফল্যের গল্প আমাদের শেখায় নিষ্ঠা, পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো স্বপ্নই বাস্তব করা সম্ভব। তাঁর জীবন আজও কোটি কোটি মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।
◾ ছবি ঋণ ইন্টারনেট
পাঠকদের মন্তব্য
250