আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বন্দনা ও বসন্তের আনন্দবার্তা
শীত বলে যাই যাই, বসন্ত দরজায়
মনোরম মিঠে রোদ খেলা করে আঙিনায়।
কঠিন শীতের শেষে প্রকৃতিরও হাসিমুখ
সুরভিত হাওয়া বয়, বসন্ত উন্মুখ !!

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই জানো ফেব্রুয়ারি মানেই আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন। বাঙালির বড় গর্বের এই মাস। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালিত হয় দিনটি। এর ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে বাঙালির ভাষা আন্দোলনের সঙ্গে। ১৯৪৭ সালে দেশভাগের পর তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়, যদিও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল বাংলা ভাষাভাষী। এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে পূর্ব বাংলার ছাত্রসমাজ ও সাধারণ মানুষ প্রতিবাদে সোচ্চার হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে মাতৃভাষা বাংলার স্বীকৃতির দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ গুলি চালায়। সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে শহিদ হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে।
এই ঐতিহাসিক ঘটনার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে সারা বিশ্বে এই দিনটি ভাষার অধিকার ও ভাষাগত বৈচিত্র্য রক্ষার প্রতীক হিসেবে পালিত হচ্ছে। ইতিহাসের পথ ধরেই আজকের দিনেও সমান তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে আন্তর্জাতিক ভাষা দিবস। এই দিবস আমাদের মাতৃভাষার গুরুত্ব উপলব্ধি করতে শেখায় এবং প্রতিটি ভাষাকে সম্মান জানাতে শেখায়। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, ভাষার মধ্যেই একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও পরিচয় নিহিত থাকে। আন্তর্জাতিক ভাষা দিবস আমাদের শেখায়–নিজের ভাষাকে ভালোবাসা এবং অন্যের ভাষাকেও সম্মান করা মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ অঙ্গ। এই চেতনাই ভাষা দিবসের মূল শিক্ষা।
তোমরা সকলেই জানো, শীতের পর বসন্ত আসে বছরের সবচেয়ে মনোরম ও আরামদায়ক আবহাওয়ার প্রতিশ্রুতি নিয়ে। ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্ত ঋতু। এই সময়ে প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে। গাছের ডালে ডালে নতুন পাতা গজায়, রঙিন ফুলে ভরে ওঠে চারপাশ। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অশোক, নীলমণিলতা ফুল সাজিয়ে তোলে প্রকৃতি। বাতাসে ভাসে মাধবীলতা ফুলের সুবাস। কোকিলের মধুর কূজন বসন্তের আগমনের বার্তা দেয়। বসন্ত উৎসব, দোলযাত্রা ও হোলির মতো উৎসবে রঙিন আনন্দে মেতে ওঠে সবাই। সেই কারণে বসন্ত ঋতুর আরেক নাম আনন্দ ঋতু। বসন্তের আনন্দ মুহূর্তে, রঙের উৎসবে ভালো থেকো সবাই।

◾ ছবি ঋণ ইন্টারনেট
পাঠকদের মন্তব্য
250